
গাজীপুর প্রতিনিধি : জেলার টঙ্গীর এরশাদনগর এলাকায় চাঁদার দাবিতে মোকছেদ আলী সেন্টু নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর একটি ধারায় প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।
রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন। নিহত ব্যবসায়ী সেন্টু টঙ্গীর এরশাদনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-টঙ্গীর এরশাদ নগর এলাকার মো. রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার বাবু (৩২) ও আশরাফ আলী (৩১) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার ছলেমান (৩১)।
মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে আসামিরা কুপিয়ে মোকছেদ আলী সেন্টুকে হত্যা করে।
এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন। হত্যার ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফয়েজ উদ্দিন।

