
চট্টগ্রাম প্রতিনিধি : দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় রোয়ানু। সবশেষ পাওয়া তথ্য মতে, উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জেলায় রোয়ানুর তাণ্ডবে অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। এর প্রভাবে ইতোমধ্যে ৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানিয়েছেন, স্বাভাবিক জোয়ারের চেয়েও চার থেকে পাঁচ ফুট বেশি উচ্চতা ছিল সমুদ্রে। আনোয়ারা ও বাশঁখালীতে অনেক এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করছে, সন্দ্বীপে বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।’
সন্দ্বীপ থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির উপ-পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, সন্দ্বীপের মাইটভাঙ্গা, হরিশপুর, রহমতপুর এবং আজিমপুরে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে।
আনোয়ারা রায়পুর ও গহিরা ইউনিয়নের রাস্তাগুলোতে কোমর পানি প্রবাহিত হচ্ছে। সেখানে ঝড়ের কবলে কমপক্ষে ১৫০টি বাড়ি-ঘর ভেঙে গেছে বলে আবুল কালাম আজাদ নামে এক সিপিপি কর্মী জানিয়েছেন।
একইভাবে বাশখালীর ছনুয়া গন্ডামারা ও খানখানাবাদ ইউনিয়নের ব্যাপক এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে বলে আরেক সিপিপির কর্মী আমীরুল ইসলাম জানিয়েছেন।
অনেক এলাকায় জোয়ারের পানি প্রবেশ করায় মানুষজন বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে এসেছে বলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।

