
ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তির সরঞ্জামাদি সজ্জিত মোবাইল ভ্যানের সামনে অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের উদ্যোগে দেশব্যাপী ১ মাস মেয়াদী কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম আজ ২ এপ্রিল শুরু হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে গ্রামীণ জনবলকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে এ কার্যক্রমের আওতায় ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তি সজ্জিত মোবাইল ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়, চট্টগ্রাম বিভাগের ফেণী জেলার ছাগলনাইয়ায়, রাজশাহীর সিরাজগঞ্জ জেলার কাজীপুরে, খুলনার কয়রা উপজেলায়, বরিশাল বিভাগের পটুয়াখালীর দশমিনায়, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১ মাসব্যাপী ভ্রাম্যমান এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় একটি করে মোবাইল ভ্যান অবস্থান করবে এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন এইচএসসি পাশ যুবক ও ২০ জন এসএসসি পাশ যুব মহিলা মোট ৪০ জন যুব/যুব মহিলাকে (সিলেট বিভাগে ১২ জন যুবক ও ১২ জন যুব মহিলা) প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতিটি ভ্যানে প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের একজন প্রশিক্ষক ও একজন সহকারী প্রশিক্ষক অবস্থান করবেন। ১০টি ল্যাপটপ, ১টি করে স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও জেনারেটরসহ আধুনিক তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রাদির দ্বারা এই ভ্যানগুলো সজ্জিত করা হয়েছে বলে জানা গেছে।

মোবাইল ভ্যানে প্রশিক্ষণ গ্রহণকারীদের একাংশ
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের সিরাজগঞ্জের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান। এছাড়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আযাদও উপস্থিত ছিলেন। প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে মো. রেমন ইবনে ইসলাম এবং মো. এনামুল হক।
ফেণী : ফেণীর ছাগলনাইয়া উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ফেণী) মো. মাকসুদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকতা জেসমিন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকতারা। প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন যুব উন্নয়ন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের প্রশিক্ষক জবিউল পারভেজ দিলদার ও সহকারী প্রশিক্ষক আলমগীর।
ঠাকুরগাঁও : বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সামাদ পান্না এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমদাদ আলী।
কোটালীপাড়া, কয়রা, দশমিনা ও বানিয়াচং উপজেলায়ও এ প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানা গেছে।

