নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচনে মনোনয়ন নিয়ে দলীয় নেতাদের ‘আর্থিক লেনদেনের’ অভিযোগ তদন্ত করা হচ্ছে। অভিযোগের প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শনিবার (৩০ এপ্রিল) বেলা সোয়া ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশের মঞ্চের প্রস্তুতি কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নোমান।
মে দিবসের শ্রমিক সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বেলা ১১টা থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে রোববার দুপুর ২টায় এ সমাবেশে শুরু হবে।
স্থানীয় নির্বাচনের মনোনয়ন নিয়ে দলীয় নেতাদের বিরুদ্ধে ‘আর্থিক লেনদেনের’ অভিযোগের তদন্ত প্রসঙ্গে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘এখন পর্যন্ত মনোনয়ন বাণিজ্যের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। আরও ভালোভাবে তদন্ত হচ্ছে। যেটি সত্য তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’
সমাবেশের আগেই সরকার আতঙ্কিত হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সমাবেশের মধ্য দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে জোরদার করতে পারলে সরকারকে মাথানত করানো যাবে। এছাড়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের সরকার দরকার দেশে সেই রকম একটি সরকারও প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।’
এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসা্ইন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

