নিজস্ব প্রতিবেদক : জনগণের কাছে দায়বদ্ধ সরকারের বিকল্প নেই উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ে মহান মে দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘আমরা মে দিবসের চেতনা প্রতিষ্ঠা করতে চাই। আজকের দিনে এটাই হউক আমাদের প্রতিশ্রুতি।’
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে মে দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি বন্ধ ও শ্রমের ন্যায্য মজুরির দাবিতে বাংলাদেশ লেবার পার্টি এ সমাবেশের আয়োজন করে।
দেশের মানুষ আজ নিরাপদ নয় উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘একটি স্বাধীন দেশে এই পরিস্থিতি প্রত্যাশিত নয়, গ্রহণযোগ্যও নয়? এ অবস্থার পরিবর্তন দরকার। তবে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তোরণ সম্ভব নয়।’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘দেশের মানুষ আজ অনিরাপদ ও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে। কে কখন কোথায় গুম হয়ে যাবে, কেউ জানেন না। সাংবাদিকরাও নিহত হচ্ছে। নিজের ঘরের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করা হলো। অথচ আজ পর্যন্ত কোনো ক্লু বের করা যাচ্ছে না যে, কে তাদের খুন করেছে? এটা কোনো কথা হল?’
আইন-শৃঙ্খলা বাহিনীর দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এতগুলো প্রতিষ্ঠান আছে, যোগ্য ব্যক্তিরা আছেন। অথচ আপনারা এখনও খুনের ‘ক্লু’ খুঁজে পাচ্ছেন না। এটা বের করা দরকার, এটা জরুরি। আপনারা সাগর-রুনির শিশু সন্তানের কাছে কী জবাব দেবেন?’
তিনি বলেন, ‘জনগণের ভোট ছাড়া যখন কোনো সরকার ক্ষমতায় থাকে, তখন তাদের কাছ থেকে এ সব আশা করা দূরাশা। আজ পর্যন্ত কোনো খুনেরই কিনারা হচ্ছে না। বরং ঘটনা ঘটার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এর সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। এ ধরণের কথা বলার মধ্য দিয়ে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে। সেজন্য কোনো খুনের ঘটনারই কূল-কিনারা হচ্ছে না।’
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এতে মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

