নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে ইফতেখার আলম (৪২) নামে এক ব্যক্তিকে গুলি করে স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।
তিনি জানান, গুলিবিদ্ধ ইফতেখার আলম ভোরে সাতক্ষীরা থেকে একটি বাসে ঢাকায় আসেন। পল্টনে বাস থেকে নামার পর কিছুটা এগিয়ে যান। এসময় কালভার্ট রোডে ডক্টরস টাওয়ারের সামনে একটি মাইক্রোবাসে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তার কাছ থেকে সোনার চেইন, নগদ ৫ হাজার টাকা ও মুঠোফোন নিয়ে যায়। এসময় তারা ইফতেখারের বাম পায়ে গুলি করে।

