ঢাকাThursday , 28 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত

Link Copied!

Goesssorনিজস্ব প্রতিবেদক : বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রয়েছে এমন অভিযোগ করে এ চক্রান্ত মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সাম্প্রতিক গুমখুনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের ইশারার বাইরে গুমখুনের এসব ঘটনা হয় বলে জনগণ মনে করে না।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খুলনা বিভাগীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের রোগমুক্তি ও সাবেক সাংসদ মরহুম শহিদুল ইসলাম মাস্টারের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সারাদেশে একের পর এক গুম, খুন হচ্ছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সরকার এসবের দায় বিএনপি-জামায়াতের ওপর চাপিয়ে দিচ্ছে। অথচ (অপরাধী) ধরা পড়ার পর দেখা যায়, বিএনপি এর আশেপাশেও নেই। তাহলে আপনি (প্রধানমন্ত্রী) কি বসে বসে ঘোড়ার ঘাস কাটেন? আপনার (প্রধানমন্ত্রী) পুলিশ বাহিনী কি ঘোড়ার ঘাস কাটে?’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এগুলো দৃশ্যমান মিথ্যা কথা। আর এসব বুঝার জন্য বুদ্ধিমান লোকের প্রয়োজন হয় না। সরকারের ইশারার বাইরে এসব ঘটনা হয় বলে জনগণ মনে করে না।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ ধারাবাহিকভাবে সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। এদের অপকর্মের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। আর সেই দায়িত্ব বিএনপিকেই নিতে হবে।’
নেতাদের উদ্দেশ্যে গয়েশ্বর রায় বলেন, ‘পদের জন্য গলা না শুকিয়ে জনগণের জন্য গলা শুকান। আন্দোলনে রাস্তায় নামুন। কেবল তাহলেই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে।’
দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ নেসারুল হক। এতে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাবেক যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের যুগ্ম-সম্পাদক অমলেন্দু দাস অপু, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বর্তমান সিনিয়র যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মির্জা ইয়াছিন আলী, সেলিনা সুলতানা নিশীতা, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।