নিজস্ব প্রতিবেদক : শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক বাংলা ভাষাভাষী বাঙালিদের জন্য একটি স্বাধীন দেশ চেয়েছিল। সেই আদর্শকেই বাস্তবায়ন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে।
উপমহাদেশের সেরা রাজনীতিবিদ শ্রমিক-কৃষক-মানবদরদী মহান নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ আজ বুধবার বেলা ৩টায় কল্যাণপুরস্থ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল।
আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেগম আশরাফুন্নেছা মোশাররফ, বাঙালি জনতার পার্টি- বিজেপি’র চেয়ারম্যান সালাম মাহমুদ, জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক ফারহানা ইয়াসমিন মনি, প্রচার সম্পাদক শামীম হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম.এ জলিল বলেন, ‘শেরে বাংলার কারণেই বাঙালিরা বাংলাদেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের যুদ্ধের মাধ্যমে সেই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। এই স্বাধীন বাংলাদেশকে আমরা শেরে বাংলার আদর্শের কৃষকবান্ধব বাংলাদেশ গড়তে চাই। যেই বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত পরিবেশের বাংলাদেশ।’

