রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টিতে (জাপা) সুবিধাবাদীদের কোনো স্থান হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, ‘ক্ষমতার লোভে কিছু লোক অন্য দল থেকে জাতীয় পার্টিতে এসেছিল। সুবিধা না পাওয়ায় তারা চলে গেছে। তাতে দলের কোনো ক্ষতি হয়নি। এ কারণে জাতীয় পার্টিতে কোনো সুবিধাবাদীর স্থান নেই।’
মঙ্গলবার রংপুরের পল্লীনিবাসে মহানগর জাতীয় মোটর শ্রমিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।
সাবেক এই সেনা শাসক বলেন, ‘জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের আরও সুসংগঠিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে। একটি রাজনৈতিক দলের প্রাণ হচ্ছে তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকরা। তৃণমূল যদি সংগঠিত না হয় তাহলে সে দলটি শক্তিশালী হয় না।’
এ সময় তিনি জাতীয় মোটর শ্রমিক পার্টির নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন।
সাক্ষাতকালে রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির, রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর শাফিউর ইসলাম শফি, মহানগর জাতীয় মোটর শ্রমিক পার্টির সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনটির মহানগর ও অন্যান্য শাখা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

