নিজস্ব প্রতিবেদক : ধর্মের নামে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সালের জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভায় এই আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গুরুত্বসহকারে দৃঢ়তার সঙ্গে সমন্বিতভাবে সন্ত্রাসবাদের উল্লম্ফন ও সহিংস চরমপন্থা মোকাবিলায় এক কাতারে আসতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
প্রিন্সের স্মরণে রিয়াদে কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ আয়োজিত সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ২৬ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফর করছেন। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রোববার এই সম্মেলনের উদ্বোধন করেন।
প্রিন্স সৌদ আল ফয়সাল মুসলিম উম্মাহর কল্যাণে যে নেতৃস্থানীয় ভূমিকা রাখেন, তার উচ্ছ্বসিত প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বাহরাইনের উপপ্রধানমন্ত্রী, গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা, লেবাননের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ওআইসি ও আরব লিগের মহাসচিব এবং অন্যান্য অনেক দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দিয়েছেন।
সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আল-জুবায়েরের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথা বলেন তারা।
পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সৌদি আরবের বাদশাহ সালমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘শিগগিরই রাষ্ট্রীয় সফরে’ বাদশাহ সালমান স্বাগত জানাতে চান বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত সাক্ষাতের বিষয়ে একমত হন। এ ক্ষেত্রে গত ৬ জানুয়ারি রিয়াদে এবং ৮ মার্চ ঢাকায় তাদের সাক্ষাতের বিষয়টি উঠে আসে।
এ ছাড়া কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

