নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। তৃণমূলের মতামত নিয়েই মহানগর আওয়ামী লীগের এ কমিটি কমিটি করা হয়েছে বলেছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক আব্দুর রাজ্জাক। তিনি কমিটি গঠন প্রক্রিয়ায় দক্ষিণের সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন।
সোমবার দুপুরে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নবনির্বাচিত নেতারা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় আব্দুর রাজ্জাক কমিটি গঠনের বিষয়ে বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলে, তাদের মতামত নিয়েই আমরা কমিটি গঠনের সুপারিশ করেছিলাম। সে অনুযায়ীই কমিটি গঠিত হয়েছে।’
রাজ্জাকের সাথে ৩২ নম্বরে এসেছিলেন কমিটি গঠন প্রক্রিয়ায় উত্তর আওয়ামী লীগের সমন্বয়কেরর দায়িত্ব পালন করা কর্নেল (অব.) ফারুক খান।
এসময় ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের সভাপতি আবুল হাসনাত বলেন, ‘দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি সবাইকে ঐক্যবদ্ধ রেখে কাজ করে যাবো।’
দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে দক্ষিণ আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করবো।’

