গোপালগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার পাথালিয়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত মোটরসাইকেল আরোহী ইদ্রিস মোল্লা (৫৫) জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত মালেক মোল্লার ছেলে। তিনি খুলনা ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক সরদার। পুলিশ ঘাতক বাসটি ( নং ঢাকা মেট্রো ব ১৪-৭৫৭৫) আটক করেছে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক শাহ আলম জানান, কর্মস্থল থেকে ছুটি নিয়ে ইদ্রিস মোল্লা দক্ষিণ ফুকরা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। তার ছেলে তাহসিন মোল্লা খুলনার একটি মাদরাসায় পড়াশোনা করে। মাদরাসা ছুটি হওয়ায় তাহসিনকে বাড়িতে আনার উদ্দেশ্যে ইদ্রিস মোল্লা সকালে একটি মোটরসাইকেল ভাড়া করে খুলনা যাচ্ছিলেন। পথিমধ্যে তারা গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন।
লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।

