লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ মোট ছয় মামলার আসামি নিহত হয়েছেন। তার নাম আবু কাউসার (৩০)। ওরফে বড় কাউসার।
তিনি লক্ষ্মীপুর সদরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। ‘বন্দুকযুদ্ধ’-এ পুলিশের একজন উপপরিদর্শকসহ দুই কনস্টেবলও আহত হয়েছেন।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আবু কাউসার অস্ত্র ও ডাকাতিসহ মোট ছয় মামলার আসামি। বুধবার দিনগত রাত তিনটার দিকে আটক আবু কাউসারকে নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিবপুর গ্রামের তিন নম্বর ব্রিজের মাথা এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে কাউসার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) কাউসার উদ্দিন চৌধুরী, কনস্টেবল ইব্রাহিম খলিল ও মহসিন খান আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

