টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে র্যাবের অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৪ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
রোববার রাতে সদর উপজেলার বাঘিল ইউপি কমপ্লেক্স ভবন এলাকায় র্যাব এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন- সদর উপজেলার ওমরপুর গ্রামের কোরবান আলীর ছেলে আবুল কাশেম, কাশিনগর গ্রামের হযরত আলীর ছেলে ইব্রাহীম, কৃষ্ণপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে নজরুল ইসলাম ওরফে মিস্টার এবং সয়া সুপ্রভাত গ্রামের আব্দুল হকের ছেলে সাইদুল ইসলাম। এ সময় অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি রামদা, ১টি চাপাতি, ১টি কিরিজ, ৩টি মোবাইল ফোন সেট ও নগদ ৭ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে টাঙ্গাইল র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, রোববার রাতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার যুগনী হাটে ডাকাতি করার উদ্দেশে বাঘিল ইউপি ভবন এলাকায় সর্বহারাদের গোপন মিটিং বসেছে। পরে ওই এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১১ জন পালিয়ে গেলেও ৪ জন র্যাবের হাতে ধরা পরে। এ সময় তাদেও কাছ থেকে অস্ত্রসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা-ডাকাতি-অপহরণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

