খুলনা প্রতিনিধি : শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের সরকারি ৭টি জুটমিলে ধর্মঘট চলছে।
সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের নেতারা এ ধর্মঘটের আহ্বান করে। শ্রমিকদের ধর্মঘটের কারণে মিলগুলোর উৎপাদনসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
সকাল থেকে মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে মিলগেটে বিক্ষোভ সমাবেশ করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়। খুলনা-যশোর অঞ্চলের সরকারি প্লাটিনাম, ক্রিসেন্ট, স্টার, আলীম, ইস্টার্ন, জে জে আই এবং কার্পেটিং জুট মিলের শ্রমিকরা একযোগে এ কর্মসূচি পালন করছে।
প্লাটিনাম জুট মিলের শ্রমিক আবুল কালাম বলেন, ‘মিলের ৭ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। মিল কর্তৃপক্ষ অর্থ সঙ্কটের কারণে সপ্তাহের মজুইর সপ্তাহে পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছেন। ফলে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত মানবেতন জীবন-যাপন করতে হচ্ছে। মুদি দোকানের মালিকরা পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে। শুধু তাই না, তারা এখন আর আমাদের বাকিতে পণ্য দিতে চান না। তাহলে আমরা কীভাবে বাঁচব। এ কারণে বেঁচে থাকার জন্য রুটি-রুজির দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন জানান, মিলগুলোতে প্রয়োজনীয় পাট নেই। অর্থ নেই। শ্রমিকদের ৬ থেকে ৩৭ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। এমন অবস্থায় শ্রমিকদের বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে দফায় দফায় কর্মসূচি দিতে হয়েছে। আজকের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করা হলে ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। অনির্দিষ্টকালের ধর্মঘটের পাশাপাশি ৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি চলবে।

