ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমাবেশ করতে পেরে উৎফুল্ল খালেদা

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে অনেকটাই উৎফুল্ল ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার নয়াপল্টনে বক্তব্যের শুরুতেই খালেদা জিয়া তার আনন্দের কথা প্রকাশ করেন।
গত সপ্তাহে পৌর নির্বাচনে ভরাডুবির পর এটাই বিএনপির প্রথম প্রকাশ্য কর্মসূচি। আর দুই বছরেরও বেশি সময় পর রাজধানীতে উন্মুক্ত সমাবেশে বক্তব্য দেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১৩ সালের ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের জনসভায় বক্তব্য রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন। নয়াপল্টনে খালেদা জিয়া ২০১২ সালে সর্বশেষ জনসভায় বক্তব্য দিয়েছিলেন।
২০০৯-২০১৩ সালের মধ্যে কয়েকটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদের জয়ী হওয়ার কথা মনে করিয়ে দিয়ে খালেদা বলেন, ‘একটু ফেয়ার ইলেকশন হলেই বিএনপি তাতে জয়লাভ করে। কিন্তু আওয়ামী লীগের অধীনে “কোনোদিন” জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হবে না।’
খালেদা অভিযোগ করেন, বিরোধীদের ‘হয়রানি-নির্যাতনের’ জন্য সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। ‘আইনশৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা এখানে আছেন। তাদের প্রতি বলবো, এরা তো এই বাংলাদেশেরই ছেলে। এতো অত্যাচার, এতো কষ্ট, গুম খুন করা .. এটা কি ঠিক?’ প্রশ্ন রাখেন খালেদা।
‘আপনাদের দিয়ে অন্যায় কাজ করাচ্ছে। আমি বলছি না পুলিশবাহিনী খারাপ, কিন্তু আপনাদের নষ্ট করছে।’ এসব বন্ধ করার দাবি জানিয়ে খালেদা বলেন, ‘আমরা একসঙ্গে থাকতে চাই। বাংলাদেশ ছোট্ট একটি দেশ। আমরা যদি সকলে মিলেমিশে থেকে কাজ করি, বাংলাদেশকে আমরা একটি সুন্দর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো।’
এদিকে এতোদিন পর এই সমাবেশকে ঘিরে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। দুপুরের আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে তারা জড়ো হতে থাকেন নয়াপল্টনে সভামঞ্চের সামনে। একপর্যায়ে নয়াপল্টন সড়কের পূর্বে ফকিরেরপুল মোড় এবং পশ্চিমে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ পর্যন্ত সড়কে সমাবেশের বিস্তৃতি ঘটলে পুলিশ যানচলাচল বন্ধ করে দেয়।
বেলা ২টার পর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হলে প্রথমে বক্তব্য রাখেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
খালেদা জিয়া বেলা ২টা ৫২ মিনিটে জনসভা মঞ্চে এলে নেতাকর্মীরা করতালি ও শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। খালেদাও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজউদ্দিন আহমেদ, হারুন আল রশীদ, মোহাম্মদ শাহজাহান ও রুহুল কবির রিজভীও সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন।