নিজস্ব প্রতিবেদক : নয়াপল্টনের জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এর সরকার অবৈধ, এই সংসদও অবৈধ’।
তিনি বলেন, ‘৫ জানুয়ারি আমরা কী দেখেছিলাম? সেই নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের জোট অংশ নিয়েছিল। ওই জোটে আওয়ামী লীগ ছাড়া বাকি সব পরগাছা। এরা ছাড়া আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি।’
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৪টা ০৫ মিনিটে মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দিতে আসেন খালেদা জিয়া। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা ১০ মিনিটে জনসভা শুরু হয়।
৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এ জনসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
খালেদা জিয়া বলেন, ‘১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচনে। এরা যে ভোট ছাড়া নির্বাচিত হলো এদেরকে কীভাবে জনপ্রতিনিধি বলা হবে? এই সরকার অবৈধ, এই সংসদও তাই অবৈধ।’
বর্তমান নির্বাচন কমিশন (ইসি) মেরুদণ্ডহীন বলে আবারো মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন। এ ‘মেরুদণ্ডহীন’ নির্বাচন কমিশন দিয়ে কোনো নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলেও তিনি জানান।
খালেদা জিয়া বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, ‘এই কমিশন অথর্ব। এরা কোনো সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারেনি।’
সদ্য শেষ হওয়া পৌর নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সচিবের (মো. সিরাজুল ইসলাম) প্রতি ক্ষুভ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘তিনি এমন কি লাট সাহেব হয়ে গেছেন যে, সাবেক মন্ত্রী তার কার্যালয়ে গেলেও তাকে বসিয়ে রাখা হয়। তার সঙ্গে তিনি দেখা করেন না।’
জনসভা মঞ্চে উপস্থিত আছেন দলের ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম প্রমুখ।

