নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, কেউ যদি পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে চায়, আমরা প্রথমে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু তা সম্ভব না হলে সমুচিত জবাব দেয়া হবে।
তিনি বলেন, বিএনপি যদি কোনো নাশকতা করতে চায়, তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোর হাতে দমন করা হবে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ মঞ্চ তৈরির কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মায়া।
৫ জানুয়ারিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ বলে উল্লেখ করে মায়া এ দিনটি সুন্দরভাবে উদযাপন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেয়া সীমানার ভেতরে এবং তাদের শর্ত মেনেই গণতন্ত্রের বিজয় উদযাপন করা হবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরি করা হয়েছে। এখান থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্তই সমাবেশের সীমানা থাকবে বলে নিশ্চিত করেন মায়া।

