নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনসহ বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্য শুনে মনে হয় তাদের ষড়যন্ত্র থেমে নেই।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) আবারো ৫ জানুয়ারিকে ঘিরে দেশে গণ্ডগোল করতে চায়। কিন্তু সেই গণ্ডগোল করার ক্ষমতা তাদের আর নেই।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের, আইন-শৃঙ্খলা বাহিনীর এবং নির্বাচন কমিশনের সমালোচনা না করে আত্মসমালোচনা করুন। পেট্রোল বোমা মেড়ে মানুষ পোড়ানো যে আপনাদের ভুল ছিল তা স্বীকার করে নিয়ে জাতীর কাছে ক্ষমা চেয়ে নিন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক বড় বড় নেতাকর্মী তাদের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার মধ্যে বিএনপির লজ্জার কিছু নেই।
তিনি বলেন, বিএনপির কাছে জানতে চাওয়া হয়েছিল, আপনারা পৌর নির্বাচনের মাধ্যমে আপনাদের কী অর্জন? আমি বলব, তারা একটি জিনিস খুব ভালোভাবে অর্জন করেছে, সেটি হচ্ছে- বিএনপির জনপ্রিয়তা যে কমে গেছে তা এই নির্বাচনের মাধ্যমে তারা উপলব্ধি করতে পেরেছে।
বিএনপি এখন ভাড়াটে খুনি, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের আশ্রয়দানকারী একটি দল বলেও মন্তব্য করেন সাবেক এ মন্ত্রী।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

