চুয়াডাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী স্থানীয় জেলা ছাত্রলীগের দুটি গ্রুপ আলাদাভাবে পালিত হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু এবং সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে দুটি কর্মসূচি পালিত হয়।
উভয়পক্ষ সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
সভাপতির অনুসারীরা শহরের কেদারগঞ্জ এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে এবং সাধারণ সম্পাদকের অনুসারীরা কবরী রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠান এবং সেখান থেকে শোভাযাত্রা বের করে।
জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সুস্থির আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়াদ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
অপরদিকে, জেলা ছাত্রলীগ কার্যালয়ে শরীফ হোসেন দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহম্মেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজসহ অন্যরা।

