নিজস্ব প্রতিবেদক : ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি না পেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রোববার সন্ধ্যায় ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয়’ দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এক বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ‘ভুল রাজনীতি’ করেছিল। এজন্য ৫ জানুয়ারি ‘ভুল দিবস’ হিসেবে পালন করতে পারে বিএনপি।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আমরা ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ডিএমপির কাছে আবেদন করছি। অনুমতি না পেলে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করব।’
হানিফ বলেন, ‘দিনটা আমাদের কাছে গণতন্ত্রের বিজয়ের দিন। এ বিজয়ের ধারা অব্যাহত রাখতেই আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আগামী ২০১৯ সালের নির্বাচন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।’
৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি জ্বালাও-পোড়াও করে দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি সাংবাদিকদের বলেন, ‘২০১৬ সালের আগে গোটা দেশবাসী বিএনপির কাছে আশা করেছিলো- রাজনীতির গ্লানি মুছে তারা সুষ্ঠু ধারায় ফিরে আসবে। সন্ত্রাস, নৈরাজ্য ও মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়-পহেলা জানুয়ারি উনি (খালেদা জিয়া) যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন, এতে গোটা জাতি হতাশ।
তিনি আরো বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের গণতন্ত্রের বিজয় হয়েছে। বাংলাদেশের মানুষের সামনে এখন এগিয়ে যাওয়ার সময়। গণতন্ত্র বিজয় দিবসটিতে দেশের জনগণ আনন্দ র্যালি, সমাবেশ ও বিজয় মিছিল বের করবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

