নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের দ্বিতীয় বছরপূর্তিতে গতবছরের মতো এবারও কর্মসূচি থাকছে আওয়ামী লীগের। তবে কী সেই কর্মসূচি তা এখনো জানানো হয়নি।
শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারি নিয়ে করা এক প্রশ্নের জবাবে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ কথা জানিয়েছেন। ৫ জানুয়ারিতে আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, কর্মসূচি অবশ্যই থাকবে। তবে তা পরে জানিয়ে দেয়া হবে।
এদিকে আজ সকালেই বিএনপির পক্ষ থেকে জানানে হয়েছে, ৫ জানুয়ারি সারাদেশে সমাবেশ করবে দলটি। কেন্দ্রীয়ভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির। এ লক্ষ্যে ইতোমধ্যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
গণমাধ্যমে খবর রয়েছে, বিএনপি ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ডিএমপিতে আবেদন করলেও সেখান থেকে এখনো সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
৩০ তারিখ পৌর নির্বাচন সুষ্ঠু হলে সব জায়গা থেকে বিএনপি জয়লাভ করতো খালেদা জিয়ার এমন দাবির প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন নির্বাচন বলতে হতো ১০টি হুন্ডা ২০টি গুন্ডা নির্বাচন ঠাণ্ডা। বেগম খালেদা জিয়া সম্ভবতো সেই ধরনের নির্বাচন চেয়েছিলেন। ছিয়ানব্বই সালে উনি (খালেদা জিয়া) যে নির্বাচন দিয়েছিলেন, তিনি তার বক্তব্যে সেই ধরনের নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। তিনি আসলে ছিয়ানব্বই মার্কা নির্বাচন চেয়েছিলেন।’
২০১৩, ’১৪ এবং ’১৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বে জ্বালাও-পোড়াও, তাণ্ডবের রাজনীতির কারণে বিএনপির নেতাকর্মীরাই মুখ ফিরিয়ে নিয়েছে বলেও দাবি করেন হাছান মাহমুদ। পৌর নির্বাচনে সেই সত্যটি অনুধাবন করার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া গতকাল শুধু মিথ্যাচারই করেছেন তা নয়, আপত্তিকর বক্তব্যও দিয়েছেন। প্রকৃতপক্ষে স্বৈরাচারী, ডাইনি, রক্তপিপাসু ও হায়েনা এই কথাগুলো বেগম খালেদা জিয়া ক্ষেত্রেই প্রযোজ্য। তার হাতে শুধু পোড়া মানুষের গন্ধই না, রক্তের দাগ লেগে আছে।’
শিগগিরই দেশের সরকার পরিবর্তন হবে- খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘শিগগিরই সরকার পরিবর্তন হবে এ কথা বলে তিনি প্রমাণ করেছেন- তিনি এখনও ভিতরে ভিতরে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। উনি অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার উৎখাতের চেষ্টায় লিপ্ত। সেটি তার বক্তব্যে স্পষ্ট হয়েছে। গণতান্ত্রিক সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হবে।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে আন্দোলনের নামে পেট্রোলবোমার ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে আছে। বর্তমান সরকারের উন্নয়নের পথে আছে।

