নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘সারা দেশের ২৩৪টি পৌরসভার মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ পৌরসভায় ভোট ডাকাতি করা হয়েছে। আর এ ভোট ডাকাতির তাণ্ডব চালিয়েছে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ প্রশাসন।’
বুধবার রাতে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘বুধবার সারা দেশের বিভিন্ন জায়গায় দিনভর হামলা, সংঘর্ষ ও রক্তপাতের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশকে সঙ্গে নিয়ে এসব করেছে। এতো কিছুর পর ভোট গণনার সময়ও বিএনপি প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।’
সাতক্ষ্মীরার কলারোয়া পৌরসভার বিএনপি প্রার্থী আক্তারুল ইসলাম বিপুল ভোটে এগিয়ে থাকলেও এখন পর্যন্ত তাকে বিজয়ী হিসেবে ঘোষণা দিচ্ছে না প্রশাসন। বরং সেখানকার ডিসি-এসপি এবং এমপি এক সঙ্গে বৈঠক করছেন আমাদের প্রার্থীর জয় চিনিয়ে নেয়ার জন্য।’
নির্বাচন কমিশনকে উদ্দেশ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করেছে। তারা প্রধানমন্ত্রীর মন মতো কাজ করেছে। সে জন্য তাদের আর জবাবদিহি করতে হবে না।’
রিজভী আরো বলেন, ‘মেরুদণ্ডহীন এ নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই।’ এ নিয়ে একই দিনে চতুর্থবারের মতো সংবাদ সম্মেলন করলেন রিজভী।

