নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘পৌরসভা নির্বাচনের সব কিছু দেখে আমাদের মনে হয়েছে নির্বাচন কমিশন (ইসি) অসহায়। ইসি প্রথমে আমাদের আশ্বস্ত করেছিল, কিন্তু আমরা অনেকটা হতাশ হয়ে পড়েছি। কেননা, শতাধিক কেন্দ্র দখল করে সহিংসতা সৃষ্টি করা হয়েছে।’
বুধবার বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহণ শেষে ইসিতে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পৌরসভা নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমিশনের নিয়ন্ত্রণে নেই। এসব দেখে আমাদের মনে হয়েছে ইসি অনেকটা অসহায় হয়ে পড়েছে।’
খন্দকার মাহবুব বলেন, ‘আমাদের কোনো প্রার্থীর ভোট বর্জনের খবর আমাদের কাছে আসেনি। কেন্দ্রীয়ভাবে আমরা নির্বাচন বর্জনের পক্ষপাতি না। তবে সরকার দলীয়দের প্রভাবের কারণে অনেকেই বাধ্য হয়ে হয়ত সরে গেছেন।’
সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রাখেনি জানিয়ে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এজন্য অতীতের কথা ভুলে পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছি। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, এ নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। কিন্তু তারা প্রতিশ্রুতি রাখেনি। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হয়েছে।’
বিএনপিই সহিংসতা সৃষ্টি করছে, আওয়ামী লীগের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার ক্ষমতায়, আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে, তারপরও কীভাবে তারা বলে আমরা সহিংসতা সৃষ্টি করেছি?

