
প্রধান অতিথির বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে পুরো বছরজুড়ে ফল উৎপাদন করতে হবে। দেশি ফলের চাষ ও উৎপাদন বৃদ্ধি এবং নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে বিদেশি ফলের ওপর নির্ভরতা কমিয়ে আনতে হবে।’ মন্ত্রী আজ রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িস্থ আ.কা.মু. গিয়াস উদ্দীন মিল্কী অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় এসব কথা বলেন।
ডিএই’র মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ এবং সম্মানিত অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন। কর্মশালায় প্রকল্প পরিচালক কৃষিবিদ মেহেদী মাসুদ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, গৃহীত বিভিন্ন কার্যক্রম ও প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিত তুলে ধরেন।
মতিয়া চৌধুরী বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন দেশের মানুষের পুষ্টি চাহিদা নিশ্চিতকরণে কাজ করতে হবে এবং এ জন্য ফল উৎপাদনের কোন বিকল্প নেই। আমাদের দেশে ফলের উৎপাদন মৌসুমভিত্তিক হওয়ায় বছরব্যাপী ফল উৎপাদনের লক্ষ্যে উল্লেখিত প্রকল্পটি কাজ করবে। মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সারা বছর ফল চাষ হলে রাসায়নিকমুক্ত নিরাপদ ফলের আড়তসহ স্থানীয় বাজার গড়ে উঠবে এবং দেশের আর্থসামাজিক উন্নতি ঘটবে। এ সময় তিনি দেশীয় ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় ফলের উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান। এ ছাড়া, বেসরকারি পর্যায়ে বিভিন্ন ফলের প্রক্রিয়াজাতকালে কেমিকেল ও কীটনাশক ব্যবহারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে শ্যামল কান্তি ঘোষ বলেন, প্রকল্পটির মাধ্যমে বছরজুড়ে দেশীয় প্রচলিত ফলের পাশাপাশি অপ্রচলিত ফল উৎপাদনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। এ সময় তিনি পুষ্টিগুণ সমৃদ্ধ খাটো জাতের নারিকেল গাছের চাষ বৃদ্ধির আহ্বান জানান। এ ছাড়া, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনগণকে ফল চাষে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
সম্মানিত অতিথির বক্তব্যে মো. মোশারফ হোসেন প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি নিরাপদ ও পুষ্টিগুণসমৃদ্ধ ফল উৎপাদনের পাশাপাশি দেশীয় ফলের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম শুরুর নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে মো. হামিদুর রহমান বলেন, দেশে আগামী দিনে ফল উৎপাদনের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে উল্লেখিত প্রকল্পের মাধ্যমে তা পূরণ করা সম্ভব হবে।

