নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় কাদিয়ানি মসজিদে বোমা হামলা জামায়তে ইসলামীর কাজ, আর তাদের নেতৃত্বে রয়েছেন বেগম জিয়া। বললেন, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রাজশাহীর বাগমারায় মসজিদে বোমা হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’।
শাজাহান খান বলেন, ‘কাদিয়ানি-শিয়াদের বিরুদ্ধে যে তাণ্ডব হচ্ছে এর পেছনে আছে জামায়াত। বাংলাদেশে জামায়াতের নেতারা সব কারাগারে। বাইরে আছেন তাদের অঘোষিত আমির খালেদা জিয়া ও উপ-আমির গয়েশ্বর চন্দ্র রায়। তাদের নেতৃত্বেই বাগমারার মসজিদের মতো বিভিন্ন স্থানে হামলা হচ্ছে।’
তিনি বলেন, ‘১৯৫৪ সালে জামায়াত প্রতিষ্ঠিত হয়েছিল। যার নেতা ছিলেন পাকিস্তানের সাইয়েদ আবুল আলা মওদুদী। তার বিরুদ্ধে তিনশ কাদিয়ানিকে হত্যার অভিযোগ আছে। এজন্য ১৯৫৬ সালের বিচারে মওদুদীর ফাঁসির হুকুম হয়। পরে তিনি সরকারের কাছে মাফ চেয়ে মুক্তি পান। তারই ধারাবাহিকতায় জামায়াত-বিএনপি এসব হামলা ঘটনা ঘটাচ্ছে।’
নৌমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া দুই দুইবার সরকার পরিচালনা করেছেন। তার সরকারের সময় কেবল জঙ্গিবাদের উত্থান ও অবৈধ অস্ত্রের আমদানি হয়েছে। তার রাজনীতি জননির্ভর নয়, অস্ত্রের ওপর দাঁড়িয়ে। অস্ত্র আর পেশীশক্তিই তার রাজনৈতিক চালিকা শক্তি।’
সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে জানানো হয়- নিজামীসহ অপরাপর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ৩ জানুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ ও ৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’র সভাপতি ইসমত কাদির গামার সভাপতিত্বে সমাবেশ ও মিছিলে অংশ নেন সংগঠনের যুগ্ম-মহাসচিব কালি নারায়ণ লোথ, সদস্য সচিব অঞ্জন রায় প্রমুখ।

