হবিগঞ্জ প্রতিনিধি : পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। কিন্তু ভোটাররা যোগ্য প্রার্থীর সন্ধানে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত। তারা হিসাব কষছেন কার গলায় পরানো যায় জয়ের মালা।
ওয়ার্ড জুড়ে পাড়ায়-পাড়ায়, বাসায়-বাসায় ও চায়ের দোকানে নির্বাচনী আলাপচারিতায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা।
শহরের বেবিস্ট্যান্ড, মোহনপুর, কোর্টস্টেশন, ঘুষপাড়া, ২নং পুল, তেঘরিয়াসহ বিভিন্ন এলাকা নিয়ে গঠিত ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন ৭ জন প্রার্থী।
জানা যায়, এ ওয়ার্ডের প্রধান সমস্যা জলাবদ্ধতা। প্রার্থীরাও জলাবদ্ধতা নিরসনে দিচ্ছেন প্রতিশ্রুতি। তবে ভোটাররা যোগ্য প্রার্থীর সন্ধানে কষছেন কঠিন হিসাব নিকাশ। নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে ৮নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫ হাজার ৮শ ৭২।
প্রার্থীরা হলেন- বর্তমান কাউন্সিলর মো. আলমগীর (পাঞ্জাবী), মো. আনোয়ারুল ইসলাম (পানির বোতল), মো. মতিউর রহমান (গাজর), আলাউদ্দিন কুদ্দুছ (উটপাখি), তৌফিকুল ইসলাম রুবেল (ব্ল্যাক বোর্ড), আতাউর রহমান লিটন (টেবিল ল্যাম্প) ও রাজা মো. হাফিজুর রহমান (ডালিম)। তাই কে হচ্ছেন ৮নং ওয়ার্ডের কর্ণধার তা জানতে অপোক্ষা করতে হবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।

