
সেমিনারে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ছবি: মো. আনোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক : বীজ আমদানি ও রপ্তানিতে সমস্যা ও সম্ভাবনা বিষয়ে একটি সেমিনার আজ বুধবার সকালে রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে আলোচকরা দেশের বীজ শিল্প বিকাশে বিভিন্ন পরামর্শ, সুপারিশ ও করণীয় তুলে ধরেন।
বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন এনডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান এবং বাংলাদেশ সিড এসোসিয়েশন (বিএসএ)’র সভাপতি ও এসিআই লি.-এর কর্ণধার আনিসউদদৌলা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন লাল তীর সিড লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম, বাংলাদেশ সিড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এফ আর মালিক এবং এসিআই সিড লি.-এর ব্যবস্থাপক ড. শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার ফারুক বলেন, বর্তমানে দেশের কৃষিখাত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশ শীঘ্রই বীজ রপ্তানিকারক দেশের তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। কাজেই এই শিল্প বিকাশে ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখনই গ্রহণ করতে হবে। আমদানি ও রপ্তানি সংক্রান্ত তথ্যের হালনাগাদকরণে ডাটাবেইজ ও সফটওয়ার চালু করা হয়েছে বলেও জানান তিনি। বীজ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রমে সমন্বয় সাধনের আহ্বান জানিয়ে আনোয়ার ফারুক বলেন, এ শিল্পে প্রণোদনার বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। এ সময় তিনি হাইব্রিড বীজের ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়ে সেমিনারে উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। আগামী ১০-১৫ জানুয়ারি সবজি মেলা আয়োজনের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে মেলায় অংশগ্রহণ ও প্রদর্শনীর আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ড. আবুল কালাম আজাদ বলেন, বীজ কিনে কৃষকরা যাতে কোনভাবেই প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে মনিটরিং বাড়াতে হবে। বীজ শিল্প তথা কৃষিখাতে সমস্যা অনেক কম হলেও সেগুলোকে চিহ্নিত করে দূরীকরণের পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া নার্সারি শিল্পে ব্যবহৃত আমদানিকৃত বীজ উৎপাদনে দেশীয় সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন তিনি।
সম্মানিত অতিথির বক্তব্যে আনিসউদদৌলা বীজ রপ্তানির ভবিষ্যৎ ও সম্ভাব্যতা যাচাই করে এ বিষয়ে করণীয় নির্ধারণের আহ্বান জানান।
সেমিনারে বীজ আমদানি ও রপ্তানি প্রক্রিয়া, সমস্যা ও সম্ভাবনার উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম সিড কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুম। বীজ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পর্যায়ের শীর্ষ ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

