নিজস্ব প্রতিবেদক : ‘মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে পাকিস্তান যা বলেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও তাই বলছেন। পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলছেন তিনি।’
‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে’ খালেদার এমন মন্তব্যের জবাবে এসব কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যান্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং ও সেইফগার্ড মেজার্স সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে মন্ত্রী ওই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৩০ লাখ লোক শহীদ হয়েছেন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এ নিয়ে বিতর্কের কিছু নেই। পাকিস্তান শহীদের সংখ্যা নিয়ে এবং যুদ্ধাপরাধীদের নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চেয়েছে। এখন খালেদা জিয়া তাই করছেন।’
প্রধানমন্ত্রীর নাম উচ্চারণে খালেদা জিয়া রুচির পরিচয় দেননি উল্লেখ করে তোফায়েল বলেন, ‘প্রধানমন্ত্রীর নামের আগে বিশেষণ আছে। অথচ তিনি (খালেদা জিয়া) তুচ্ছ-তাচ্ছিল্য করে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেছেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েদ উল্লাহ মামুন, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ প্রমুখ।

