নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি পৌসভায় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের কোন ঘটনা ঘটেনি।
মঙ্গলবার বেলা ১টার দিকে পৌরসভার পৌরসভা ভবনের পেছনে চায়না মাঠে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর মেয়র প্রার্থী তসলিম উদ্দিন চৌধুরী তথা নৌকা প্রতীকে সমর্থনে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ওই প্রচারণায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেয়। কিন্তু প্রচারণার এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম হাওলাদার এবং মুন্নার কর্মী-সমর্থকদের মধ্যে পূর্ব শক্রতার জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা দুটি গ্রুপ চায়না মাঠের দুই প্রান্তে ধারালো অস্ত্রসহ অবস্থান নেয়। পরক্ষণে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে পৌরসভা জুড়ে সৃষ্টি হয় চরম আতঙ্ক।
এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এসএম আল আমিন উপজেলার এ দুটি গ্রুপকে নিবৃত করার চেষ্টা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে তাদের ওপরও হামলা চালায় উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নার সমর্থক সুজনসহ অন্তত ২০ থেকে ২৫ জন। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম আল আমিন জানান, বিষয়টি জেলা আওয়ামী লীগের নেতাদের জানানো হয়েছে। পরবর্তীতে জেলার নেতাদের নিয়ে বৈঠক করে হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাকসুদুর রহমান জানান, জেলার নেতাকর্মীদের নিরাপত্তা দিয়ে ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

