নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডি থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন ভুঁইয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ধানমণ্ডির ১৩ নম্বর সড়কের ১৯ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নোয়াখালী জেলায়।
ধানমণ্ডির যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বাসাটি দৈনিক নয়া দিগন্তের ব্যবস্থাপনা পরিচালক শিব্বির মাহমুদের বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরে মেজবাহ ওই বাড়িতে আত্মগোপন করে ছিলেন।
ধানমণ্ডি থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেজবাহর বিরুদ্ধে ১৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি ৪ বছর ধরে পলাতক ছিলেন।

