চাঁদপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন,‘পৌরসভা নির্বাচনে আসার জন্য আপনাকে ধন্যবাদ। তবে ষড়যন্ত্র করলে খবর আছে।’
রোববার দুপুর ১টায় চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ ভোটের জন্য মাঠে নেমে গেছে। ভোট দেবে। আর বিএনপি আন্দোলন করার মতো অবস্থায় নেই। কোমর ভাঙা মানুষ আন্দোলন করতে পারে না। এরা দুষ্টুমী-সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে, ষড়যন্ত্র করতে পারবে। কিন্তু কোনো লাভ হবে না।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি সবসময় ফাঁকা আওয়াজ দেয়। এদের কোনো কাজকর্ম নাই। মানুষ মারা, খুন করা, গাড়িতে আগুন দেয়া এসব যারা করে তাদের কথা মানুষ বিশ্বাস করে না।’
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ প্রমুখ।

