লাইফস্টাইল ডেস্ক : শীতের বিকেলে গরম কাপড়ের উষ্ণতা নিয়ে হয়তো রাস্তা চলেছেন আনমনে। কিন্তু রাস্তার ধারে বিক্রি হওয়া মুখরোচক খাবারের ঘ্রাণ আপনাকে পা বাড়াতে দিচ্ছে না। না খেলেও চোখ ঘুরিয়ে একবার দেখে নিতেই হচ্ছে। হ্যা, চিংড়ি বলের কথায় বলছি। খোলা জায়গায় বানানো মচমচে এসব চিংড়ি চপ অথবা বল যতই মজাদার হোক না কেন, তা মোটেই স্বাস্থ্যকর নয়। আপনার সুস্বাস্থ্যের কথা ভেবে বাসায় নিজ হাতে বানিয়ে নিতে পারেন মজাদার চিংড়ি বল। তাই চটপট দেখে নেয়া যাক চিংড়ি বলের সহজ রেসিপি।
যা যা লাগবে
পাউরুটি ভেজানো ২ কাপ, চিংড়ি বাটা ১ কাপ, চিংড়ি কুচি সিকি কাপ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ, সয়াসস ২ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, ডিম ১টা, বিস্কুটের গুড়া পরিমাণ মত, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন
পাউরুটির পাশের অংশ বাদ দিয়ে ভিজিয়ে হাত দিয়ে মাখিয়ে নিন। বিস্কুটের গুড়ো ও ডিমের সাদা অংশ বাদে পাউরুটির সঙ্গে বাকি সব উপকরণ মেখে নিন। এরপর মিশ্রণটিকে হাতের তালুর সাহায্যে ছোট ছোট গোল বলের মত আকৃতি দিতে হবে। এরপর এগুলোকে ২৫ থেকে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে ডিমে চুবিয়ে বিস্কুটের গুড়ায় গড়িয়ে গরম তেলে ছেড়ে দিন। ডুবো তেলে বাদামী রং করে ভেজে নিলে হয়ে গেল মজাদার চিংড়ি বল। বিকেলের নাস্তায় সস এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিংড়ি বল।

