ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলাগাছের শহীদ মিনারেই শ্রদ্ধাবনত ‘নতুন বাংলাদেশ’

Link Copied!

Chitmoholকুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের অভ্যন্তরের অধুনা বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় দীর্ঘ ৬৮ বছর পর এই প্রথম আনুষ্ঠানিক ও জাকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আর তিনটি কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারে ঢেলে দেন হৃদয়ের সব শ্রদ্ধা।
দিবসটি ভাবগম্ভীর ও যথাযথ মর্যাদায় পালনের জন্য গত পরশু (সোমবার) রাতে দাশিয়ারছড়ার কালিরহাট কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে দাশিয়ারছড়ার সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ছাড়াও স্থানীয় জনতা অংশগ্রহণ করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী দাশিয়ারছড়ার কালিরহাটে সমন্বিতভাবে (পুরো ছিটমহলের মানুষ মিলে) দিবসটি পালন ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগসহ সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পাড়া মহল্লা কমিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকা ভিত্তিক বিভিন্ন যুব সমাজ পৃথক কর্মসূচি হাতে নেয়।
এর জন্য দাশিয়ারছড়ার বিভিন্ন এলাকা ঘরে দেখা গেছে, স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিজয় দিবসের কর্মসূচি পালনের জন্য ছেলেমেয়ে, বুড়ো সবাই ব্যস্ত। কালিরহাট বাজারের আওয়ামী লীগ অফিসের সামনে কলাগাছ দিয়ে বানানো হচ্ছে অস্থায়ী শহীদ মিনার। এর তত্ত্বাবধায়ন করছেন সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক নুর আলম।
এই সংগঠনের কর্মী রফিকুল ইসলাম, রতিকান্তসহ কয়েকজন কলাগাছ নিয়ে এসে গর্ত খুঁড়ে পুতে শহীদ মিনারের আদলে কাঠামো বানাচ্ছেন। কেউ কেউ রঙিন কাগজ দিয়ে মুড়ে দিচ্ছেন কলাগাছ। অন্যরা মাটি কেটে শহীদ মিনারের ভিত তৈরি করছেন।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাশিয়ারছড়া ইউনিটের সাবেক সভাপতি আলতাফ হোসেন জানান, এবার আমরা স্বাধীন ভূখণ্ডে সবাই মিলে বিজয় দিবস পালন করবো। এরজন্য রাত ১২টা ১ মিনিটে ২১ বার পটকা ফুটিয়ে দিবসের শুভ সূচনা ছাড়াও ১৬ ডিসেম্বর সকালে ছিটমহলের  সবাই জাতীয় পতাকা হাতে কালিরহাট বাজারের নবনির্মিত অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হবেন।
সকাল ৮টায় জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হবে। এরপর জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, সমাবেশ, মুক্তিযুদ্ধে শহীদদের জন্য মসজিদ মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা হবে। দুপুরে সমন্বয় পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সমন্বয় মধ্যপাড়া বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছোট-বড় ছেলেমেয়ে সবাই মিলে মাঠ সাজানোর জন্য দড়িতে রঙিন কাগজ লাগাচ্ছে। জাতীয় পতাকা হাতে নিয়ে অনেকে উল্লাসে ছোটাছুটি করছে। পাড়া মহল্লায় জাতীয় পতাকা হাতে ঘুরে বেড়াচ্ছে। সবাই ব্যস্ত নানা কাজে।
অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ দাশিয়ারছড়া ইউনিট, কালিরহাট শেখ হাসিনা বালিকা বিদ্যালয়, রাশমেলা যুব ক্লাব, কামালপুর ইয়াং স্টার ক্রিকেট ক্লাব, শেখ ফজিলাতুননেছা দাখিল মাদরাসা, হাবিব নগর পাড়া, ছোট কামাত পাড়াও এরকম কর্মসূচি হাতে নিয়েছে। গত ৬৮ বছরের খাঁচার জীবন থেকে মুক্তির উল্লাসে সবাই মেতেছে এক অনাবিল বিজয়ের আনন্দ পালনে।