তথ্য প্রযুক্তি ডেস্ক : হ্যালো, তোমার নাম কি? রিবো। তুমি কী কী করতে পারো? নাচতে জানি, গাইতে জানি। একটু নাচ করে দেখাও না। রিবো নাচতে থাকে। একটু গান গেয়ে শোনাও না। রিবো গাইতে থাকে। যে সে গান নয়, যে গান স্বাধীনভাবে বুক ফুলিয়ে গাইতে দীর্ঘ নয় মাস রক্ত ঝরেছিল, সেই সাধের জাতীয় সঙ্গীত। রিবো গেয়ে শোনায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি…
কথপোকথনটি রোবোটিক না জীবন্ত মনে হলো? এর উত্তর পেতে যেতে হবে রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরিতে। সেখানে উন্মুক্ত প্রাঙ্গণে চলছে সায়েন্স ফেস্টিভ্যাল। সেখানেই দাঁড়িয়ে আছে রোবট রিবো। তার কাছে গেলেই আপনি চমকে যাবেন। রিবোর রোবোটিক মুখ থেকে বেরিয়ে আসবে জীবন্ত কথা ‘বিজয়ের শুভেচ্ছা’। শুধু তাই নয়, হ্যান্ডশেক করবে আপনার সাথে।
গত ১১ ডিসেম্বর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যালের উদ্বোধন করেন জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। সেখানে প্রথম দিন থেকেই ছিল কথা বলা রোবট। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয়ের দিনে সকাল ১০টা থেকেই রোবট রিবো বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছে। কথা বলছে। নাচছে। গাইছে।
বাংলাদেশে এ ধরনের আয়োজন এবারই প্রথম। আজ সারাদিন আগত দর্শনার্থীদের রিবো বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাবে। আর তাই সেখানে ভিড় করেছে ছোট-বড় সকলেই। ছুটির দিন থাকায় সেখানে বাচ্চাদের সঙ্গে এনেছেন বাবা-মায়েরা। রিবোর সঙ্গে কথা বলে তারা মজা পাচ্ছেন। বিজ্ঞানে নব নব আবিষ্কারের প্রতি আকৃষ্ট হয়ে ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে।
বুধবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ খন্দকার রাফি ও দপ্তর সম্পাদক আজহারুল হক ফরাজীসহ সংগঠনের কয়েকশ সদস্য।
প্রসঙ্গত, সায়েন্স ফেস্টিভ্যালে বিভিন্ন প্রকাশনার বিজ্ঞানবিষয়ক বই ২৫ শতাংশ কমিশনে কেনা যাবে। উৎসবের সর্বোচ্চ সংখ্যক বইক্রেতাকে বিশেষ পুরস্কার দেয়া হবে। তা ছাড়া এলিয়েনদের টুডি ইমেজের সাথে ছবি তোলার এবং সায়েন্স ফিকশন সোসাইটির সদস্য হওয়ার সুবর্ণ সুযোগ থাকছে এই আয়োজনে।
১৮ ডিসেম্বর শেষ হবে এই উৎসব। সমাপনী দিনের বিকেলে অনুষ্ঠিত হবে এলিয়েন উৎসব। শিক্ষার্থীদের স্বহস্তে তৈরি কিংবা আঁকা এলিয়েনের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ এলিয়েন নির্মাণকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে। সবশেষে এলিয়েনদের উড়িয়ে দেয়া হবে মহাশূন্যের উদ্দেশ্যে!
‘মিস্টার নুডলস’-এর পৃষ্ঠপোষকতায় সপ্তাহব্যাপী এ অনুষ্ঠান চলছে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

