নারায়ণগঞ্জ প্রতিনিধি : নগরীতে নারী গার্মেন্ট শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই বখাটে যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে আরো একলাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ১ মাস করে কারাভোগের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দেওভোগ এলাকার ত্রিনাথ সরকারের ছেলে সুমন সরকার (৩৯) ও অনিল চন্দ্র পালের ছেলে হারাধন চন্দ্র পাল (৩৭)।
আদালতের পিপি রকিবউদ্দিন আহমেদ রকিব জানান, শহরের চাষাঢ়া এলাকার কেসি অ্যাপারেলস নারী শ্রমিককে ২০০২ সালের ২৯ অক্টোবর রাতে বাড়ি ফেরার পথে সুমন সরকার ও হারাধন পাল তুলে নিয়ে দেওভোগে একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করে। ওই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ধর্ষণ মামলা করে মেয়ের মা। পরে পুলিশ দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে।

