সাভার প্রতিনিধি : আশুলিয়ায় হাইটেক্স প্লাস্টিক লিমিটেড নামে একটি মাদুর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ওই কারখানার গুদাম থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পরে। এ সময় কারখানার শ্রমিক ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ধামরাই থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আশুলিয়া ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন,‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায়নি।’

