মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের চাপায় জিহাদ সরদার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছ। এ ঘটনায় প্রায় দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার আব্দুস সামাদ সরদারের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
রাজৈর থানা পুলিশ ও এলাকাবাসী জানান, ভোরে জিহাদ স্কুলে যাওয়ার সময় ওই এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে প্রায় দেড়ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল করছে।

