নিজস্ব প্রতিবেদক : শুরু হলো দুইদিন ব্যাপী ১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেনটিটি ২০১৫ বিষয়ক ফোরাম। আজ সকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এ সময় উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার, এশিয়া প্যাসিফিক স্মার্ট কার্ড অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রেজ পটসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘ডিজিটাল খাতে দেশের উন্নয়ন প্রশংসনীয়। স্মার্ট আইডেনটিটি কার্ড এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘স্মার্ট কার্ড জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দৈনন্দিন প্রয়োজন মেটানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অপব্যবহার ও প্রতারণা রোধ করা যাবে।’
সারাবিশ্বের ২৬টিরও অধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানির শতাধিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে সাম্প্রতিককালে অনুষ্ঠিত সম্মেলনগুলোর মধ্যে এটি অন্যতম একটি বৃহৎ আয়োজন।
এবারের ফোরামের থিম হলো, ‘হাউ ন্যাশনাল ই-আইডি ক্যান সাপোর্ট ডেলিভারি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর সার্ভিসেস।’
এই ফোরামে মোট ৮টি সেমিনার অনুষ্ঠিত হবে। বিশ্ব বিখ্যাত স্মার্ট আইডি কার্ড বিশেষজ্ঞগণের অংশগ্রহণে বাংলাদেশের জন্য দুইটি সার্ভিস সেশনসহ মোট ২৭টি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে।
পৃথিবীর অন্যান্য দেশ গুলোতে স্মার্ট কার্ডের মাধ্যমে সকল সরকারি ও বেসরকারি নাগরিক সেবা নিশ্চিত করছে এবং বাংলাদেশ কিভাবে এই সেবাগুলো নিশ্চিত করতে পারে, সেই বিষয়ে বিশদ আলোচনা, উপদেশ এবং সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য উক্ত ফোরামের আয়োজন করা হয়েছে। দুদিন ব্যাপী এই ফোরাম শেষ হবে ২ ডিসেম্বর।

