ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মাদকাসক্ত সন্তানকে পুলিশে দিয়েছেন তার বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবক হলো পৌর শহরের দেবগ্রামের আব্দুস সাত্তারের ছেলে আল আমিন (২৭)।
পরিবারের বরাত দিয়ে আখাউড়া থানার উপ-পরিদর্শক শামছু উদ্দিন জানান, আল আমিন মাদক সেবন করে প্রায়ই পরিবারে উৎপাত করে। আজ সকালেও এমন করলে তার বাবা থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরিবারের অভিযোগ এবং আটককৃতের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে।

