তথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের রাজস্ব আয় ও গ্রাহক দু’টোই বেড়েছে। গত বছরের তৃতীয় প্রান্তিক থেকে এ বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত গ্রাহক ১৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ৮৪ লাখে পৌঁছেছে। গত বছরের তুলনায় এ বছর রাজস্ব বৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ। বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৫ শতাংশ। আজ অপারেটরটি তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণ উপস্থাপন করে।
গুলশানে রবি’র কর্পোরেট অফিসে আজ এক সংবাদ সম্মেলনের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ব্যবসায়িক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে জানানো হয়, ভয়েস সেবার চেয়ে ডাটা খাত থেকে রাজস্ব আয় বাড়ছে।
সংবাদ সম্মেলনের জানানো হয়, দক্ষ ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক থেকে তৃতীয় প্রান্তিকে পরিচালন মুনাফা (ইবিআইটিডিএ) বৃদ্ধির হার ১ দশমিক ৭ শতাংশ। দ্বিতীয় থেকে তৃতীয় প্রান্তিকে কর পরবর্তী মুনাফার হার ২০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ২০১৫ সালের প্রথম ৯ মাসে নেটওয়ার্ক বিস্তারে ১ হাজার ৭৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে রবি যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৫ শতাংশ বেশি।
এ সময় জানানো হয়, ২০১৫ সালে রাষ্ট্রীয় কোষাগারে ১ হাজার ২৬০ কোটি টাকা জমা যা মোট রাজস্বের ৩২ দশমিক ৭ শতাংশ।
সংবাদ সম্মেলনে তুলে ধরা আর্থিক বিবরণী অনুসারে, ২০১৫ সালের প্রথম ৯ মাসে রবিতে ৩১ লাখ নতুন গ্রাহক যোগ হয়েছে। এতে করে রবি’র মোট গ্রাহকের সংখ্যা ২ কোটি ৮৪ লাখে পৌঁছেছে। এটি দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২১ দশমিক ৬ শতাংশ।
চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
এর মধ্যে ডাটা থেকে রাজস্ব ১০০ শতাংশের বেশি বেড়েছে। গ্রাহকের জন্য উদ্ভাবনী অফার ও ৩.৫জি নেটওয়ার্ক বিস্তারে ক্রমাগত বিনিয়োগের ফলে ডাটার ব্যবহার এবং এইখাত থেকে রাজস্ব আয় বেড়েছে।
নেটওয়ার্ক বিস্তারে ক্রমাগত বিনিয়োগ এবং পণ্য ও সেবার মূল্য নিয়ে কঠোর প্রতিযোগিতার কারণে প্রথম নয় মাসে পরিচালন মুনাফা হয়েছে ৩৬ দশমিক ৭ শতাংশ। ২.৫জি/৩.৫জি নেটওয়ার্ক বিস্তারে বিনিয়োগের কারণে কর পরবর্তী মুনাফা হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম।
রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে বলেন, ‘দেশজুড়ে আমাদের ৩.৫জি নেটওয়ার্ক ছড়িয়ে দেয়ায় এ বছরের শুরু থেকেই লক্ষ্যণীয়ভাবে ডাটা সেবা গ্রহণের অগ্রগতি দেখা যাচ্ছে। গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানসম্মত ২.৫জি ও ৩.৫জি মোবাইল সেবা প্রদান করতে আমরা নেটওয়ার্ক খাতে বিনিয়োগ আগের চেয়ে বাড়িয়েছি।’

