কুষ্টিয়া প্রতিনিধি : জেলার দৌলতপুরে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাইলী খাতুনকে হত্যার দায়ে স্বামী রোকন মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রোকন দৌলতপুর উপজেলার নাজিরপুর গ্রামের হুলি মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী মামলার বিবরণে জানান, ২০১১ সালের ২৬ আগস্ট রাতে রোকন জুয়া খেলে হেরে যান। পরে বাড়িতে ফিরে স্ত্রী লাইলী খাতুনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরই জেরে লাইলীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ড্রেনে ফেলে দেয় রোকন। দুই দিন পরে ওই ড্রেন থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা লাল চাঁদের দায়ের করা মামলায় পুলিশ রোকনকে গ্রেফতার করে। পরে আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীতে রোকন স্ত্রী হত্যার কথা স্বীকার করে। মামলার সাক্ষ্য প্রমাণ জেরা শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

