ফেনী প্রতিনিধি : জেলার ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সকাল সাড়ে ১১টায় শহরের একাডেমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক শহরের গাজী ক্রসরোড এলাকার মল্লিক বাড়ির মৃত খোকন মিয়ার ছেলে।
র্যাব ৭ ফেনী ক্যাম্পের পরিচালক মোজাম্মেল হোসেন জানান, ফারুক একরাম হত্যা মামলার ২৬নং চার্জশিটভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় একরামকে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। এ পর্যন্ত র্যব ও পুলিশ এই মামলায় ৪৩ আসামিকে গ্রেপ্তার করেছে। হত্যার দায় স্বীকার করে ১৬ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার ১০০ দিন পর গত বছরের ২৮ আগস্ট ৫৬ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করে। আদালত আড়াই মাস পর গত বছরের ১২ নভেম্বর আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। চলতি মাসের ১৭ নভেম্বর জেলার দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে চাঞ্চল্যকর এই মামলার বিচার কাজ শুরু হয়েছে।

