নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ করেছেন আব্দুর রহমান (৩৮) নামের এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে কাওরানবাজার থেকে কাজকর্ম শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে মৎস ভবনের সামনে থেকে ডিবি পরিচয়ে মাইক্রোবাস থেকে নামা একটি দল তাকে তুলে নিয়ে যায়। পরে তার কাছে থাকা লাইসেন্সকৃত পিস্তল ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
এ সময় রিকশায় পাশে ছিলেন তার ভাইরা আবুল কালাম আজাদ (৪৩), যিনি সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছেন।
আব্দুর রহমান বলেন, ‘কাজ শেষে কাওরানবাজার থেকে টিকাটুলির বাসায় ফিরছিলাম। মৎস ভবনের কাছে এলে একটি মাইক্রোবাস থেকে নামা ২-৩ জন লোক রিকশাটিকে গতিরোধ করে। তারা নিজেদের ডিবি বলে পরিচয় দেয়। এরপর আমাদের দুজনকে মাইক্রোবাসে তুলে নেয় তারা।’
তিনি বলেন, ‘গাড়িতে তোলার পর আমাদের চোখ ও হাত বেঁধে ফেলে তারা। এরপর শুরু করে বেধড়ক মারধর। আমার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। তবে মোবাইল নেয়নি।’
আব্দুর রহমান আরো বলেন, ‘সারারাত তাদের চোখবাঁধা অবস্থায় মাইক্রোবাসে করে ঘোরায়। ভোর সাড়ে ৫টার দিকে তুরাগ কামারপাড়া এলাকায় ফেলে দেয় তারা। এরপর সকাল সাড়ে ৯টায় আহত অবস্থায় তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হই।’
আব্দুর রহমান দাবি করেন, তার কাছে একটি লাইসেন্স করা পিস্তল ছিল। দুর্বৃত্তরা সেই পিস্তলটিও নিয়ে যায়। এ ব্যাপারে তুরাগ থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খোদা বলেন, ‘আমি এ ঘটনা সম্পর্কে জানি না। ঢাকা মেডিকেলে লোক পাঠাচ্ছি। এরপর ব্যবস্থা নেব।’

