নারায়ণগঞ্জ প্রতিনিধি : মুক্তিপণ না পেয়ে জেলার আড়াইহাজারে স্কুলছাত্রী হাফসা আক্তার রূপাকে (৫) শ্বাসরোধ করে খুন করেছে অপহরণকরীরা। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
নিখোঁজের ১৭ ঘণ্টা পর শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের রাস্তার খাদ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রূপা স্থানীয় নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের প্লে শ্রেণীর ছাত্রী ও মালয়েশিয়া প্রবাসী হযরত আলীর মেয়ে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ির সামনে থেকে রূপা নিখোঁজ হয়। বিকেল ৪টার দিকে রূপার পরিবারের মোবাইলে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয় তারা।
পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ রূপাকে উদ্ধারে অভিযানও শুরু করে। সকালে লাশ উদ্ধারের পর রাব্বি ও শাহজাহান নামে দুইজন যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

