বগুড়া প্রতিনিধি : জেলার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও ইমাম নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরের দিকে শিবগঞ্জ থানার মাঝিহ্ট্ট গ্রামের আনোয়ার (৪৮) ও হরিপুর গ্রামের জুয়েলকে (২৫) আটক করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনায় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সোনা মিয়া বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের নামে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
ওই এলাকার প্রবীণ ব্যক্তি আলী আহমেদ জানান, এ ঘটনায় আতঙ্কে শুক্রবার সকালে মাত্র দুইজন মুসল্লি ওই মসজিদে নামাজ পড়তে আসেন। এখানে শিয়া ও সুন্নিদের মধ্যে কোনো বিরোধ নেই কিন্তু মাঝে-মধ্যে কিছু অপরিচিত যুবক মোটরসাইকেল নিয়ে এখানে আসত। এসে নামাজ পড়া ও সেজদা দেয়া নিয়ে শিয়াদের সঙ্গে মতবিরোধ প্রকাশ করত। মসজিদের পাশেই তাদের একটি ইমামবাড়া পাঠাগার আছে। সেখানে ধর্মীয় আলোচনা হত। সেখানেও তারা তাদের মতাদর্শ নিয়ে তর্ক-বিতর্ক করত। এই মসজিদের নিহত ইমাম শাহিনুল মাওলানার সঙ্গে ওই যুবকদের বাহাস হতো।
তিনি আরও জানান, এই মসজিদের ছয় শতাংশের মধ্যে এক শতাংশ জায়গা এখানকার মজিবুর মিয়া বেদখল করে নিয়েছিল। এ জায়গা নিয়ে তিন-চার বছর ধরে মামলা চলছে। দুই মাস আগে মজিবুর মিয়া মারা যান। তার ছেলে মনোয়ার, বুলু, সিরাজ ও জাহাঙ্গীর এ মামলা পরিচালনা করছে। কিন্তু এ ঘটনায় শিয়াদের কোনো অভিযোগ নেই। তাদের সন্দেহ ওই অপরিচিত যুবকদের।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মসজিদটি র্যাব ও পুলিশের পিবিআই সদস্যরা ঘিরে রেখেছে।

