কুষ্টিয়া প্রতিনিধি : কুমারখালী উপজেলার বেলগাছি বাজারে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ হাফিজুল ইসলাম (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায় র্যাব।
আটককৃত হাফিজুল ইসলাম উপজেলার জাহেদপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে র্যাব -১২ কুষ্টিয়ার ক্যাপ্টেন মোসাদ্দেক ইবনে মুজিব জানান, বৃহস্পতিবার ভোর রাতে কুমারখালী উপজেলার বেলগাছি বাজারে অস্ত্র বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১২’র একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বিদেশি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ম্যাগজিন, একটি মোটরসাইকেল,একটি মোবাইল ফোনসহ হাফিজুল ইসলামকে আটক করা হয়।
এ ব্যাপারে কুমারখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়।

