রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : জেলার রামগতিতে কবির হোসেন (৩০) নামে এক দুর্ধর্ষ জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার বালুরচর সুজন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কবির উপজেলার চরআলেকজান্ডার এলাকার খোরশেদ আলমের ছেলে এবং চরআলেকজান্ডার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত কবির দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে মাছধরার ট্রলার ও নৌকায় ডাকাতি করে আসছেন। তিনি রামগতি থানার তালিকাভুক্ত জলদস্যু। রামগতি ও কমলনগর থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। ওই সব মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার কার হয়। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হবে।

