নিজস্ব প্রতিবেদক : কুখ্যাত যুদ্ধাপরাধী সালাউদ্দিল কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন নিয়ে বিএনপি-জামায়াত ও তাদের পরিবার মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। সোমবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, তারা যদি মার্সি পিটিশন না-ই করে থাকেন তাহলে আইনি প্রক্রিয়া কীসের উপর ভিত্তি করে হলো। আর মার্সি পিটিশন না করলে রায় কার্যকর হতো না, তা তো নয়। বিএনপি-জামায়াত এবং তাদের পরিবারের সদস্যরা যুদ্ধাপরাধকে মানুষের কাছ থেকে সরিয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে জনগনের সহানুভূতি পাওয়ার জন্য মিথ্যাচার করছে। বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য তারা এ কথাগুলো বলছে।
হানিফ আরো বলেন, জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের আগে থেকেই পাকিস্তানের জামায়াতে ইসলামীর আমির সিরাজুল ইসলাম পাকিস্তান সরকারকে সোচ্চার হতে আহবান করেন। দণ্ড কার্যকরের পরই পাকিস্তান ক্ষোভ-প্রতিবাদ জানিয়েছে। এই দলটি শুধু যুদ্ধাপরাধীই নয়, পাকিস্তানের আদর্শ ধারণ করে তাদের চিন্তা-চেতনা ও উদ্দেশ্যকে বাস্তবায়নের ষড়যন্ত্র করছে। এই দলটি যত দ্রুত নিষিদ্ধ হবে বাংলাদেশের জন্য ততই মঙ্গল। আমরা দেশবাসীর প্রতি আহ্বান করতে পারি,জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন সব হবে ইনশাআল্লাহ।
জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের দলের ডাকা হরতাল বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। সারা দেশে কোথাও কোনো হরতালের আলামত নেই। এখন পাকিস্তানে হরতাল হচ্ছে কি না সেটা তো বলতে পারি না।

