নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘জামায়াতে ইসলামীর মতো বিএনপিও যুদ্ধাপরাধীর দল হিসেবে প্রমাণিত হয়েছে।’
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘ফাঁসির আগ পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদে ছিলেন। তার (সালাউদ্দিন কাদের চৌধুরী) বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক হয়রানিমূলক বলে মন্তব্য করেছিল বিএনপি নেতারা। মূলত বিএনপির যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দলগত অবস্থান গ্রহণ না করে তারা প্রমাণ করেছে শুধু জামায়াতে ইসলাম নয়, বিএনপিও যুদ্ধাপরাধীদের দল। এ দায় তারা এড়াতে পারে না।’ যুদ্ধাপরাধীদের মতো আগুন সন্ত্রাসীদের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বরিশালের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুছ, শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, কাউন্সিলার হাসিবুর রহমান মানিক প্রমুখ।

